নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র-গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৯ জুলাই) ভোরে উপজেলার টাংকিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ চর দরবেশ গ্রামের শাহ আলমের ছেলে তেলি আব্দুর রব (৫৫), একই এলাকার আব্দুর রহিম (৩০) ও রবিন হোসেন (২৪)। এসময় আটকৃতদের কাছ থেকে ১টি দু-নলা বন্দুক, ১টি পাইপগান, ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি পাইরোটেকনিক ও ৫টি রামদা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে হাতিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানকালে শুক্রবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে টাংকিরখাল এলাকায় পৌঁছে তারা। ওই সময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। কোস্টগার্ডের প্রতিরোধের মুখে ডাকাতদল পিছু হাঁটতে শুরু করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কমান্ডার লে. এ. এস. এম লুৎফর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।