ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামক (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।
বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) একেএম হাফিজ আক্তার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় মাদক বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান। বুধবার (২৬ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপল ও তুর্জ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব।
হাফিজ আক্তার বলেন, এই মাদক (এলএসডি) নেদারল্যান্ড থেকে দেশে আনা হয়। দেশে এই মাদক জব্দের ঘটনা এটাই প্রথম। ফেসবুকের ২টি পেজে এই মাদকের ব্যবসা পরিচালনা করা হতো। এর গ্রাহক বেশিরভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’ মাদকটি উচ্চবিত্তদের জন্য বলেও উল্লেখ করে তিনি।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাবি শিক্ষার্থী হাফিজুর রহমানের আত্মহত্যার ঘটনা তদন্তাধীন রয়েছে। আমরা খতিয়ে দেখছি। এই মাদকের কারণেই এ ঘটনা ঘটেছে কিনা বিষয়টিও তদন্ত করে দেখছি। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে।