বাজারে টাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজবাড়ীর বালিয়াকান্দির হিজড়া সম্প্রদায়ের প্রধান সাদিয়া আক্তারকে মারধর করেছে অপর পক্ষের হিজড়া মোজাহার ওরফে সুমি। এ ঘটনায় সাদিয়া আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় চারজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন। এজাহার দেওয়ার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় মোজাহার হিজলা তার ভাই ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জন মিলে সাদিয়া ও তার দলে থাকা বেশ কয়েকজনকে মারধর করে।
বাদী সাদিয়া আক্তার বলেন, সোনাপুর বাজারটি প্রায় ২০ বছর ধরে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা বালিয়াকান্দির অনেক হিজড়া ঐ বাজার থেকে টাকা তুলে জীবন-ধারণ করে থাকি। নিয়ম অনুযায়ী আজ আমরা সকালে টাকা তুলতে গেলে হিজড়া মোজাহার ওরফে সুমি সে তার দলবল নিয়ে প্রথমে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তাদেরকে গালিগালাজ না করার জন্য অনুরোধ করলে তারা আমাদের উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে আমার বুকে, পিঠে ও মাজায় লাথি মারতে থাকে। আমার সাথে থাকা হিজড়া সদস্য পরি এবং হ্যাপি ঠেকাতে গেলে তাদেরকেও বেদম মারধর করে তারা। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি আমরা তাৎক্ষণিক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট মালিক পক্ষকে অবগত করি এবং বালিয়াকান্দি থানায় এসে একটি ইজাহার দায়ের করি। ইজাহারে মোজাহারসহ আরো তিনজনের নাম উল্লেখ করেছি। তারা হলেন গোলাপ (২৮), শাহিন (৪২) ও রুবেল (২৪)।
বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এএসআই নাসিমা পারভীন বলেন, এঘটনায় হিজড়া সাদিয়া একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি দেখে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।