ইয়েমেনে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ায় হুথিদের অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
পোস্টে তিনি লেখেন, ‘হুথিদের এই অগ্রযাত্রা হলো এক ঐশ্বরিক বিজয় এবং অত্যন্ত কঠিন সব যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর ধরে অটল থাকার ফসল।’
গত ২৪ ঘণ্টায় ইরানের কর্মকর্তারা হুথিদের ভূয়সী প্রশংসা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেছেন, ‘প্রতিরোধ আন্দোলনের নিজস্ব দৃঢ় সংকল্প যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত ও রণকৌশলগত অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে।’
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তাদের অগ্রযাত্রা এখন পৌঁছে গেছে কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির মুখ পর্যন্ত। বৃহস্পতিবার বন্দরনগরী মোখা দখল করে তারা সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা