হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগস্টের শেষ দিকে পদ ছাড়ছেন। বুধবার (১২ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। খবর দ্য গার্ডিয়ানের।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পরিবারকে আরও সময় দেওয়ার জন্য লেভিট এই দায়িত্ব ছাড়ছেন। তবে তিনি হোয়াইট হাউস ছাড়ার পরও ট্রাম্পের অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
২৮ বছর বয়সী লেভিট ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হন। এর মাধ্যমে তিনি এ পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি হন।
লেভিটও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত মে মাসে মেয়ের জন্মের পর তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। গত মাসে কাজে ফিরলেও দুই সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারছেন না বলে মনে হচ্ছিল তার। এ কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
লেভিট ট্রাম্পের প্রথম মেয়াদেও তার প্রেস টিমের সঙ্গে কাজ করেছিলেন। পরে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারে ট্রাম্পের সঙ্গে যুক্ত হন এবং শেষ পর্যন্ত প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে লেভিট নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের নীতির পক্ষে অবস্থান নিতেন। সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময় তার তীব্র বাকবিতণ্ডাও হয়েছে।
লেভিটের উত্তরসূরি হিসেবে ট্রাম্প কাকে নিয়োগ দেবেন, তা এখনো জানাননি।