করোনা একদম জেঁকে ধরেছে পাকিস্তানি পেসার হারিস রউফকে। কিছুতেই মুক্তি মিলছে না। তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা করলেন। এবারও হলেন ‘পজিটিভ’। ফলে তাকে আরও সময় কোয়ারেন্টাইনেই থাকতে হবে।
২৬ বছর বয়সী এই পেসার পাকিস্তানের ইংল্যান্ড সফরে বড় অস্ত্র হতে পারতেন। কিন্তু করোনা তার সফরটাকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও করোনা পরীক্ষায় পজিটিভই আসছে তার।
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তরুণ এই পেসারকে সাহস জুগিয়ে যাচ্ছে। রউফও তাই ইংল্যান্ডে খেলার আশা ছাড়ছেন না। একটি উর্দু দৈনিককে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘যতদিন আমার করোনা পজিটিভ আসবে, আইসোলেশনে থাকতে হবে। অবশ্যই এটা আমার জন্য দুঃখের সময়। তবে প্রধান নির্বাহী (পিসিবির) ওয়াসিম খানের কল আমার উদ্যম বাড়িয়ে দিয়েছে।’
রউফ যোগ করেন, ‘আমি এখন বেশ ভালো আছি। আমার মধ্যে কোনো লক্ষণ নেই। নিয়মিত ডা. সোহেল সালিম আর ডা. রিয়াজের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, খুব দ্রুতই এই ভাইরাস থেকে মুক্তি পাব এবং ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারব।’
এদিকে, ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা দুই তরুণ হায়দার আলি আর ইমরান খানের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তবে তাদের ইংল্যান্ডে পাঠানোর আগে আরও একবার টেস্ট করানো হবে। দলের আরেক সদস্য কাশিফ ভাট্টি এখনও পরীক্ষার ফল পাননি।
লাইট নিউজ