বছর শেষ হওয়ার পাঁচদিন আগেই কনটেইনার ওঠানামা ৩০ লাখ একক ছাড়াল চট্টগ্রাম বন্দরে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কা এবং বিশ্বমন্দা ঝুঁকির মধ্যেই আমদানি-রপ্তানি যখন কমছিল, বন্দর ব্যবহারকারীরা শঙ্কায় ছিলেন, তখনই এই সুখবর মিলল। বন্দর কর্তৃপক্ষের হিসাবে, ২০২২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় ৩১ লাখ একক কনটেইনার ওঠানামা হয়েছে। বাকি পাঁচ দিনে আরো ৪৩ হাজার একক কনটেইনার যোগ হয়ে মোট কনটেইনার ওঠানামা ৩১ লাখ ৪২ হাজার একক ছাড়াবে।
তবে কনটেইনার ওঠানামার এই হার ২০২১ সালের চেয়ে কম হবে—এমন অনুমান আগে থেকেই করেছিল বন্দর কর্তৃপক্ষ। কিন্তু বছর শেষে ২০২১ সালের চেয়ে ২০২২ সালের পণ্য ওঠানামার ব্যবধান অনেক কমে গেছে এবং তা মাত্র ২ শতাংশ। এর ফলে কিছুটা স্বস্তিতে আছে এই বন্দর। চট্টগ্রাম বন্দর পরিচালক (পরিবহন) এনামুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘আমদানি-রপ্তানি বাড়া-কমার ওপর আমাদের পণ্য ওঠানামা নির্ভরশীল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়ায় পণ্য আমদানি অনেক কমেছে। মূল্যস্ফীতির কারণে বড় ক্রেতারাও রপ্তানি পণ্যের অর্ডার কমিয়েছেন। এর ফলে গত তিন মাসেই ওঠানামার গতি কম ছিল। বছর শেষে আমাদের ওঠানামা আগের বছরের চেয়ে ২ শতাংশ কমবে। ’
তিনি বলেন, ‘কয়েক মাস ধরে আমরা পণ্য কমার গতি প্রত্যক্ষ করছিলাম। এই সময়ে প্রতিটি জাহাজ ৪৮ ঘণ্টায় বন্দর ছেড়েছে আর বেশির ভাগ পণ্যবাহী জাহাজই অন অ্যারাইভাল বা কোনো অপেক্ষা ছাড়াই জেটিতে ভিড়তে পেরেছে। জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ পণ্য ওঠানামা আগের অবস্থায় ফিরবে, এমন ধারণা পাচ্ছি। অর্থাৎ আমাদের অর্থনীতি আগের গতিতে ফিরবে। ’
জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে ২০২১ সালে মোট ৩২ লাখ ১৪ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছিল; যা ছিল বন্দরের সর্বোচ্চ রেকর্ড। মূলত করোনা মহামারির ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি যে পুনরুদ্ধার হচ্ছিল বন্দরের রেকর্ডই ছিল বড় প্রমাণ। ২০২২ সালের শুরু থেকেই সেই প্রবৃদ্ধির ধারাবাহিকতা ছিল; বেশ ভালো গতি পাচ্ছিল। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এসে সব এলোমেলো করে দিয়েছে। বিলাসবহুল পণ্য আমদানিতে সরকারের কড়াকড়ি, ডলারের চরম অস্থিরতা, ঋণপত্র খুলতে ব্যাপক কড়াকড়ি এবং রপ্তানির বড় গন্তব্যগুলোতে অর্ডার কমে যাওয়ায় তিন মাস ধরেই ঋণাত্মক গতি দেখা দেয়। এর প্রভাব পড়ে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে। ২০২২ সালের জানুয়ারিতে যেখানে দুই লাখ ৯১ হাজার একক কনটেইনার ওঠানামা হয়েছিল, সেখানে আগস্টে এসে তা দুই লাখ ৭১ হাজার এককে নেমে আসে। সেপ্টেম্বর থেকেই কড়াকড়ি আরোপের কারণে সেটি আরো কমে দুই লাখ ৪৮ হাজার এবং অক্টোবরে দুই লাখ ৩৯ হাজার একক, নভেম্বরে দুই লাখ ৪৬ হাজার একক এবং সর্বশেষ ২৬ ডিসেম্বর পর্যন্ত ৩০ লাখ ৯৯ হাজার এককে পৌঁছে।
চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি তরফদার রুহুল আমিন বলেন, ‘করোনা মহামারির কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ না নিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব হতো না। এবারও বৈশ্বিক মন্দার ধকল কাটাতে পদক্ষেপগুলো আগেভাগেই বাস্তবায়িত হওয়ায় অতটা ঝুঁকিতে পড়তে হয়নি বাংলাদেশকে। ’
২০১৯ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর তিন মিলিয়ন একক কনটেইনার ওঠানামার রেকর্ড গড়ে এবং সমুদ্রবন্দরগুলোর থ্রি মিলিয়নেয়ার ক্লাবে নাম লেখায়।