বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারের মহাযজ্ঞ এখনো শেষ হয়নি। কবে শেষ হবে উত্তর নেই স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদের কাছেও। বাড়তি বাজেট অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটি তাকিয়ে একনেকের দিকে।
বর্তমানের সরকারের মেয়াদকালের শেষ একনেক সভা হতে পারে আগামী ৭ নভেম্বর। ওই সভায় বর্ধিত বাজেট অনুমোদন না হলে ঝুলে যাবে দেশের প্রধান এই ক্রীড়া ভেন্যুর সংস্কার কাজ।
তবে এরই মধ্যে প্রকল্পের এক অংশ অ্যাথলেটিকস ট্র্যাক স্থাপনের কাজ শেষ হয়েছে। আগামী মাসে এখানে হবে ১৭ তম জাতীয় সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ১০ ও ১১ নভেম্বর এই প্রতিযোগিতা দিয়েই দীর্ঘ ৩৫ মাস পর অ্যাথলেটিকস ফিরছে তার নিজস্ব ঘর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
পুর্বের ট্র্যাক ব্যবহারের অযোগ্য হওয়ার পরও কিছুদিন জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে নিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন। ২০২১ সালের ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
১৭ তম সামার অ্যাথলেটিকস হওয়ার কথা ছিল ২৬, ২৭ ও ২৮ অক্টোবর। স্থগিত করা প্রতিযোগিতার নতুন তারিখ আজ ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন। ১০ ও ১১ নভেম্বর চ্যাম্পিয়নশিপ হবে। তবে তার আগে ৮ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে ম্যারাথন ও হ্যামার থ্রো।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরুর পর জাতীয়, সামারসহ মোট ৭ টি প্রতিযোগিতা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করেছে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন।
সংস্কারের কারণে ফুটবলও হতে পারছে না খেলাটির প্রধান ভেন্যুতে। মাঠ তৈরি। ড্রেসিং রুমও প্রস্তুত। তবে প্রেসবক্স নির্মাণ শেষ না হওয়ায় এখানে সহসা ফুটবল হওয়ার সম্ভাবনাও নেই।