করোনা সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল করেছে তুরস্ক। মসজিদের জামাতে সামাজিক দূরত্ব বাদ দিয়ে নামাজ আদায়ের অনুমোদন দিয়েছে তুরস্কের ধর্ম বিষয়ক অধিদফতর। করোনা সংক্রমণ রোধে সরকারের গৃহীত বিধি-নিষেধ শিথিলের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার (১২ নভেম্বর) তুরস্কের ধর্ম বিষয়ক অধিদফতরের প্রধান ড. আলি আরবাশ এ বিবৃতিতে একথা জানিয়েছেন। দেশের সব মুফতিদের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি সব মুসল্লিদের সারিবদ্ধভাবে আগের মতো নামাজ আদায়ের কথা জানান।
আরবাশ এক বিবৃতিতে বলেন, ‘করোনা মহামারি সংক্রমণ শুরুর পর মসজিদে উন্মুক্ত জামাত স্থগিত করা হয়। এরপর গত বছর মে মাসে মসজিদ খোলা হলেও নামাজের জামাতে মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্বসহ সব ধরনের স্বাস্থ্যবিধি পালন আবশ্যক করা হয়।
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে তুরস্কের অধিকাংশ লোক করোনা টিকা গ্রহণ করায় এ বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। তুরস্কের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব তুলে নিয়ে নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে সব মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরাসহ সতর্কতামূলক সব ধরনের বিধি-নিষেধ পালন করতে হবে।’
সূত্র : ডেইলি সাবাহ