রাজধানীর সায়েদাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সায়েদাবাদ জনপথ মোড়ের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন‑ রিপন (৩৫), কবির (৩০), শফিক (৪০), বিশ্বনাথ দত্ত (৫০) কালাম (৪৫) ও রবিন (২৫)।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, সায়েদাবাদ থেকে ৬ জন দগ্ধ রোগী এসেছেন। তারা কি পরিমাণ দগ্ধ হয়েছেন, তা বলতে কিছুক্ষণ সময় লাগবে।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ ৬ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র জানিয়েছে, সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সেখানে অবস্থানরত সকলেই দগ্ধ হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।