টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ফর্ম নিয়ে হয়েছে নানান সমালোচনা। বিশ্বকাপ শেষে এবার মাঠের বাইরেও নিজেকে সমস্যায় ফেলেছেন হার্দিক পান্ডিয়া। জানা গেছে, দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানমন্দরে তার কাছ থেকে দুটি দামি ঘড়ি বাজেয়াপ্ত করেছেন শুল্ক বিভাগের অফিসাররা। ঘড়ি দুটির দাম প্রায় পাঁচ কোটি টাকা। হার্দিকের কাছে ঘড়ি দুটি কেনার বিল দেখতে চাইলে তিনি নাকি তা দেখাতে পারেননি। যদিও হার্দিকের দাবি, নেটমাধ্যমে এ নিয়ে গুজব ছড়িয়েছে। ঘড়ির সব কাগজ জমা দিয়েছেন তিনি।
টুইটারে হার্দিক বলেন, ‘সব নিয়ম মেনেই ঘড়ি কেনা হয়েছে। আমি নিজেই মুম্বাই বিমানমন্দরের শুল্ক বিভাগে গিয়ে দুবাই থেকে কিনে আনা ঘড়ির শুল্ক কর দিতে চাই। আমার কাছে যা কাগজ চাওয়া হয়েছে সব জমা দিয়েছি। তারপরেও আমার একটি ঘড়ির মূল্য নির্ধারণের জন্য সেটি রেখে দেন তারা। ঘড়িটির দাম দেড় কোটি। আমার কাছ থেকে দুটি ঘড়ি বাজেয়াপ্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা পুরোটাই গুজব।’
জানা যায়, আরব আমিরাত থেকে বিশ্বকাপ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে পান্ডিয়ার দুটি ঘড়ি জব্দ করে মুম্বাই কাস্টমস বিভাগ। ঘড়ি দুটির মূল্য ভারতীয় মুদ্রায় ৫ কোটি টাকা। এমন দামি ঘড়ি দুটির কোনো রশিদ পান্ডিয়ার কাছে ছিল না এবং তিনি আগে থেকে ঘড়ি দুটির কথা উল্লেখও করেননি বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
দামি ঘড়ির প্রতি হার্দিকের অনেক আগ্রহ। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ঘড়ি সংগ্রহের নমুনা দেখিয়েছেন। এখন ফিটনেস নিয়ে সমস্যার প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে। বিশ্বকাপেও হার্দিক পরিচিত ছন্দে ধরা দিতে পারেননি। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলেও নেই তিনি।
এদিকে বিশ্বকাপের পারফর্ম্যান্স নিয়েও হতাশ ভারতীয় এই পেস বোলিং অলরাউন্ডার। প্রতিটি ম্যাচেই দলে ছিলেন তিনি। বল করেছেন এক ম্যাচে। ব্যাট হাতেও বলার মতো কিছু করতে পারেননি। এমনকি একাদশে তাকে রাখা নিয়ে ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বেশ কয়ের জন প্রাক্তন ক্রিকেটার। বিশ্বকাপ শেষ হওয়ার পরেও বিতর্ক পিছু ছাড়ল না হার্দিকের।