করোনার দাপট যেন কিছুতেই কমছে না। বেড়েই চলেছে নতুন আক্রান্তের সংখ্যা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই অবস্থায় মাঠে ফেরার সিদ্ধান্ত খুবই বিপজ্জনক বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
দিন-দিন দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ক্রিকেটাররা এতোদিন ঘরে থেকে নিজেদের নিয়ে কাজ করেছে। তাই এমতাবস্থায় ক্রিকেট ফেরানোর সিদ্ধান্তটা যৌক্তিক হবেনা বলে মনে করছেন মুমিনুল। সাথে পরামর্শ দিয়েছেন ধৈর্য্য ধরার।
টেস্ট অধিনায়ক বলেন- এখন মাঠে ফেরা মানে এতোদিনের সকল পরিশ্রম জলাঞ্জলি দেয়া। আমরা নিজেদের এবং মানুষের সুরক্ষার জন্য যা করেছি এর কোনো কিছুরই মূল্য থাকবে না। আগের চেয়ে এখন আক্রান্তের শঙ্কা আরো বেশি।
ক্রিকেটে দূরে থাকা অসম্ভব ব্যাপার বলেও জানান তিনি। তাই মনে করে দিয়েছেন একজন আক্রান্ত হলে পুরো দলের ঝুঁকির কথা।
মুমিনুল বলেন- ক্রিকেট হলো একটি সম্মিলিত খেলা। এখানে টিম বয়, ফিজিও, ডাক্তার, আম্পায়ার এবং অন্যান্য কোচিং স্টাফদের সম্পৃক্ততা থাকে। এখানে একজনের চেয়ার আরেকজন ব্যবহার করতে পারে। এই খেলায় দূরে দূরে থাকা একেবারে অসম্ভব ব্যাপার। আল্লাহ না করুক যদি তাদের মধ্যে থেকে কেউ একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়, তাহলে পুরো দল ঝুঁকির মধ্যে পড়ে যাবে।
লাইট নিউজ/আই