করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সাউথ আফ্রিকাসহ ৭ দেশ থেকে বাংলাদেশে এলেই নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে যাত্রা শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশে আসতে হবে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আফ্রিকার সাত দেশগুলো হল: বতসোয়ানা, লেসোথো, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এই নির্দেশনা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
আদেশে বলা হয়, বাংলাদেশে আসার পর হোটেলে থাকা অবস্থায় সপ্তম ও চতুর্দশ দিনে করোনাভাইরাস শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্রমণ ধরা পড়লে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে। আর নেগেটিভ আসলে হোটলে বাকি সাত দিন কোয়ারেন্টিনে থাকবেন।