রাজধানীর মহাখালী বিসিপিএসএ প্রতিষ্ঠানে রোববার (১৯ ডিসেম্বর) সকালে টিকার বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হবে। এই টিকা প্রথমেই পাবেন সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা। পরে বুস্টার ডোজ অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে টিকা গ্রহীতাদের সবাইকে দেওয়া হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হােসেন মাে. মঈনুল আহসান।
তিনি বলেন, প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে এই কার্যক্রম শুরু হবে। কারণ এখনই আমরা বড় পরিসরে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করবো না। যেকোনও টিকার ক্ষেত্রেই শুরুতে সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণের পর বড় আকারে শুরু করি। বুস্টার ডোজের ক্ষেত্রেও এমনটা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা সক্ষম, তাদের প্রাথমিক পর্যায়ে বুস্টার ডোজ দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে আমরা বয়স্কদের দিব। তবে বয়স্কদের ক্ষেত্রে কোমরবিড কন্ডিশন আমরা বিবেচনায় রাখব।
ঢাকা জেলা সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন রোববার (১৯ ডিসেম্বর) থেকে দেশে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে কাজ করছি।