ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আলী মনির উপজেলার বানা ইউনিয়নের টোনারচর গ্রামের মৃত আ. জব্বার আলীর ছেলে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার রাতে যশোরের চৌগাছা উপজেলার ইছাপুর দেওয়ানপাড়া এলাকার ভারত সীমান্তবর্তী থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা পুলিশ।
ছয় মাসে প্রায় ৩৪৫ জন গ্রাহকের সঙ্গে প্রতারণা করে আসছেন এই ব্যক্তি।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় আলফাডাঙ্গা থানা চত্বরে প্রেস-ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান ওসি মো. ওয়াহিদুজ্জামান।
পুলিশ জানায়, মনির আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসের আওতাধীন ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’ এজেন্ট ছিলেন। সেই সুবাদে ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে ওই বছরের জুলাই মাস পর্যন্ত প্রায় ৩৪৫ জন গ্রাহকের নিকট হতে তিন লক্ষ ৬১ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ বিল গ্রহণ করেন। তবে মনির ওই টাকা বিদ্যুৎ অফিসে জমা না দিয়ে গ্রাহকের অর্থসহ অনান্য আরো অনেকের টাকা প্রতারণামূলক ভাবে হাতিয়ে নিয়ে এলাকা থেকে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানাতে পেনাল কোড রুজু করা হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে যশোরের চৌগাছা থেকে গ্রেপ্তার করে।
রবিবার দুপুরে মনিরকে ফরিদপুর আদালতে হাজির করে অধিকতর তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।