শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভেজাল মদে প্রাণ ঝরছে তরুণদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের পিআর প্রতিষ্ঠান ফোরথটপিআরের ৪৩ জন কর্মী গাজীপুরের সারাহ রিসোর্টে অবকাশ কাটাতে যান। সময়টা ছিল ২০২১ সালের ২৮ জানুয়ারি। এর মধ্যে মদ পান করে ঢাকায় ফেরার পর মারা যান তিনজন তরুণ কর্মী। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয় আরও বেশ কয়েকজনকে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।

ওই বছরের ৩০ ও ৩১ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীসহ দুইজন মারা যান। পুলিশ জানায়, ওই শিক্ষার্থী দুইজন ২৮ জানুয়ারি উত্তরার একটি রেস্তোরাঁয় মদ পান করার কারণে মৃত্যুবরণ করেন।

২৪ নভেম্বর ভেজাল মদ খেয়ে মারা যান রাজধানীর পিংক সিটি এলাকার বাসিন্দা কামরান আহমেদ। এক বন্ধুর মাধ্যমে গুলশানের একটি বার থেকে মদ আনিয়েছিলেন। সন্ধ্যার দিকে মদ পান করার আধা ঘণ্টার মধ্যেই তিনি গুরুত অসুস্থ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরানের রক্তে মিথাইল অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

সংকট থাকায় অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা মূল উপাদান ইথানলের বদলে বিষাক্ত মিথানলের সঙ্গে সুগন্ধি ও রাসায়নিক মিশিয়ে তৈরি করছে মদ। ঘাটতি রয়েছে বিদেশি মদ আমদানিতেও। ফলে বিষাক্ত ও ভেজাল মদে বাজার সয়লাব। আর এসব বিষাক্ত মদ পানে প্রাণ ঝরছে তরুণ প্রজন্মের।

এদিকে বাজারে বিষাক্ত মদের ছড়াছড়ির বিষয়টি স্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

তারা জানান, প্রায় সময়েই অভিযানে বিপুল ভেজাল মদ উদ্ধার করা হয়। এ অবস্থায় স্বাভাবিকভাবেই তারা সন্দেহ করছে এসব ভেজাল মদ বেশির ভাগই দেশের বাইরে থেকে আসছে। এছাড়া রাজধানীতেও ভেজাল মদ তৈরি কারখানা পাওয়া যায়। গত বছর রাজধানীর ভাটারা এলাকায় ভেজাল মদ তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ।

সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সূত্র জানায়, সীমান্তের বিভিন্ন চোরাপথে ভারতীয় মদ বাংলাদেশে আসছে। প্রায়ই তাদের হাতে মদের ছোটবড় চালান ধরা পড়ছে। তবে তা আসল নাকি ভেজাল তা তাদের জানা নেই।

জানা গেছে, ২০২০ সালে বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যা ছিল শতাধিক। ওই বছরের মে মাসে যশোরে বিষাক্ত মদে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। ২০২১ সালের জানুয়ারিতেই বগুড়া, রাজধানীতেই মিথানলে তৈরি মদ পানে ১৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে ছিলেন এশিয়াটিকের তিন কর্মী। স্বাষ্ট্রমন্ত্রণালয়ও এই তিন কর্মীর মৃত্যু ভেজাল মদে হয়েছে বলে প্রতিবেদনও দিয়েছে। পরে এশিয়াটিক বিজ্ঞাপনী সংস্থার কর্মীদের মদ সরবরাহকারী ব্যক্তিকে গ্রেফতার করে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া বছরের শেষে (২৫ ডিসেম্বর) পাবনায় তিনজনের মৃত্যু হয়।

ডিএনসি সূত্র বলছে, দেশের বিভিন্ন স্থানে অনুমোদিত মদের দোকান রয়েছে ২০৩টি। এর ৯০ শতাংশ খোদ রাজধানী ঢাকাতেই। কিন্তু এর বাইরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ মদের দোকান আছে কয়েক গুণ। তবে কয়েক বছর ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইনে মদের অর্ডার দিয়ে সংগ্রহ করছেন ক্রেতারা। আবার কেউ কেউ বিদেশি মদের সংকটে এখান-সেখান থেকে নিম্নমানের খোলা মদ কিনে খাচ্ছেন। এ সুযোগে কয়েকটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিয়েছে।

ডিএনসির অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান বলেন, বিদেশি মদের অবৈধ বেচাকেনা বন্ধে তারা বিশেষ তৎপরতা চালাচ্ছেন। ফলে বেশ কয়েক মাস ধরে বাজারে এর সংকট সৃষ্টি হয়েছে। এ সুযোগে অসাধু চক্র ভেজাল মদ বানিয়ে বাজারে সরবরাহ করতে পারে- তারা এ ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছেন। গত থার্টিফার্স্ট নাইট ঘিরে ঢাকা মেট্রো উত্তর ও দক্ষিণে চারটি কমিটি গঠন করা হয়েছিল।

সংশ্লিষ্টরা বলেন, বৈধপথে আমাদানি কমে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা বিষাক্ত রাসায়নিকে মদ তৈরি করে বাজারে ছেড়েছে। কিন্তু মাদক তৈরি, বিক্রির ব্যাপারে ঠিকমতো তদারকি হচ্ছে না। ফলে বিষাক্ত মদে দেশ ছেয়ে গেছে। এ মদ খেয়ে কিছু মানুষ মারা যাচ্ছে; বড় অংশেরই লিভার-কিডনি নষ্ট হয়ে কিছুদিন ভুগে মারা যাচ্ছে। আর এসবে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন তরুণ প্রজন্ম।

ভেজাল মদ নিয়ন্ত্রণে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সম্প্রতি ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ জারি করেছে। এটি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর অধীনে করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনাবেচা, পান করা, পরিবহন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মনীতি স্পষ্ট করা হয়। এর আগে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’, ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ (লাইসেন্স ও পারমিট ফিস) বিধিমালা ২০১৪’, ‘মুসলিম প্রহিবিশন রুল ১৯৫০’ ও ‘এক্সাইজ ম্যানুয়াল (ভল্যুম-২)’ ছাড়াও বিভিন্ন সময়ে নির্বাহী আদেশের মাধ্যমে অ্যালকোহল সংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হতো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD