রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাক কারখানার ৮২ লাখ টাকা লুট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার ৮২ লাখ ১২ হাজার টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মাটিকাটা খাড়াজোরা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ওই কারখানায় দেড় হাজার শ্রমিক রয়েছে। শ্রমিকদের গত মে মাসের বেতন পরিশোধের জন্য কারখানার সাতজন কর্মকর্তা একটি মাইক্রোবাস নিয়ে ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখায় যান। সেখান থেকে ৮২ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে ওই গাড়িতে করে কারখানায় ফিরছিলেন। ফেরার পথে খাড়াজোড়া এলাকার নির্মাণাধীন একটি ওভারপাসের পাশে তিনটি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাদের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে কয়েক রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছে থাকা টাকার ব্যাগটি লুট করে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ছিনতাইকারীদের গুলিতে কারখানার মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদার গলার পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বও আহত হয়েছেন। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুট হওয়া টাকা উদ্ধার এবং দুর্বৃত্তদের ধরতে কাজ করছে পুলিশ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD