নরসিংদীর মনোহরদীতে মায়ের মৃত্যুর খবর পাওয়ার এক ঘণ্টা পর মেয়েরও মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) রাতে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন হাছেনা বানু (৮০)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
হাছেনা বানু কৃষ্ণপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী। তিনি তিন ছেলে এবং তিন মেয়ের জননী ছিলেন। মুঠোফোনে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে নূরুন্নাহার দয়া (৬০) দ্রুত বাবার বাড়িতে আসেন। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন নূরুন্নাহার। এসময় তার স্বজনরা তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক নূরুন্নাহারকে মৃত ঘোষণা করেন।
নূরুন্নাহার একই উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে এবং এক ছেলের মা ছিলেন।
নূরুন্নাহারের ভাই মো. বিল্লাল হোসেন বলেন, মা মারা যাওয়ার সংবাদ শুনে বাড়িতে এসেই অজ্ঞান হয়ে পড়েন নূরুন্নাহার। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুইজনকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বার্ধক্যজনিত কারণে মায়ের মৃত্যু হয়। এ খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মেয়েও মারা যান।