শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

শিরোনাম :

পরীমনিসহ ৩ জনের মামলায় সাক্ষ্য হয়নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।

মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এছাড়া পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি এবং এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে জানিয়ে সময় আবেদন করেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী)।

আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১২ মে সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। তবে এদিন মামলার অন্য দুই আসামি পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান এসব তথ্য জানান।

এর আগে গত ১ মার্চ মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন। গত ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত বছর ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে, গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিট জমা দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD