রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

রমজানের ইবাদত হোক প্রাণবন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

চলছে পবিত্র রমজান মাস। বছর ঘুরে প্রতিবারই রমজান আসে, আবার বিদায় নেয়। এভাবে কেয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই সময়ে বিজ্ঞজনেরা আজলা ভরে রহমত কুড়িয়ে নেন। চোখের লোনা জলে বুক ভাসিয়ে প্রভুর ক্ষমা প্রাপ্ত হন। নিজের সওয়াবের ভান্ডার পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করেন। নিজের ইবাদতগুলোকে আরও সুন্দর এবং পরিশুদ্ধ করেন। এভাবে পুরো মাসজুড়ে মাওলার প্রিয় হওয়ার সাধনা চলতে থাকে। এ পথে আমরাও চলতে পারি। রমজানে ইবাদত, ক্ষমা লাভ আর কল্যাণ লাভে ধন্য হওয়ার পাশাপাশি ক্ষমা এবং জান্নাতের গ্যারান্টি পেতে এসব কাজ বেশি বেশি করা দরকার-

নামাজ হোক জীবন্ত : আমাদের ইবাদত-বন্দেগি বিশেষ করে নামাজ একটু দায়সারা গোছের। নামাজ আদায় করতে হবে তাই করি। নামাজের প্রাণ আছে কি না তাই দেখার, চিন্তা করার সময় নেই। নামাজ যত সুন্দর হবে, অন্যান্য ইবাদত তত সুন্দর হবে। নামাজ হলো- সব ইবাদতের প্রাণ। নামাজ মহান রবের সঙ্গে বান্দার সরাসরি মোলাকাত। যার নামাজে মধুরতা আছে সে নামাজসহ সব ইবাদতের স্বাদ অনুভব করে। মহান রবের সঙ্গে নিবিঢ়ভাবে কথা বলে। নিজের মনের আকুতি-কাকুতি বন্ধুর কাছে নিভৃতে পেশ করে। আমাদের নামাজ যেন মরা লাশ না হয়। নামাজকে জীবন্ত করি। প্রত্যেক নামাজের কেরাত, রুকু, সেজদাসহ সকল কাজ সুন্দরভাবে মনোযোগের আদায় করি, আমার নামাজ জীবন্ত, প্রাণবন্ত হবে। এই নামাজ আমার জন্য মহান রবের মিরাজ হবে। আমার জীবন থেকে সকল পাপ-পঙ্কিলতা দুর করে দেবে। আমার নামাজ আমার জন্য সফলতা বয়ে আনবে।

দোয়া হোক আবেগঘন : দোয়া মুমিনের হাতিয়ার, মুমিনের শক্তি। দোয়ায় একজন মুমিন হৃদয়ে শান্তি অনুভব করে। তার সাহায্যের জন্য যাকে বলা প্রয়োজন, দোয়ার মাধ্যমে কেবল তার কাছেই নিবেদন পেশ করে। দোয়া কবুল হয়ে গেলে দোয়াকারী মুমিন বান্দা হয়ে যায়- অজেয়। তার শক্তি, হিম্মত কেউ ডিঙ্গাতে পারে না। ভয় নামক কোনো শব্দ তাকে স্পর্শ করতে পারে না। দোয়া মানেই নিজেকে মহান আল্লাহর নিকট সঁপে দেওয়া, তাই দোয়া সেরা ইবাদত। সব ইবাদতের নির্যাস। মহান রবের নিকট হাত উঠানোর সময় নিজেকে খুব দীনহীনভাবে পেশ করা উচিত। নিজের আবেগ অনুভুতিকে শানিত করা উচিত। যেনতেনভাবে মুখে বিড়বিড় করে কিছু বলা নয়। আবেগঘন আর দরদ পূর্ণ মন নিয়ে দোয়া করা উচিত। কেননা এই দোয়ার মধ্যেই রয়েছে আমার সফলতা। আমার দোয়া যত মধুময় হবে মহান রব তত খুশি হবেন। আমার দোয়া কবুল করবেন।

কোরআনের সম্মানে রমজান মর্যাদাপূর্ণ, তাই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা

হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, তিন প্রকার লোকের দোয়া ব্যর্থ হয় না- ১. রোজাদার ব্যক্তির ইফতারের সময়কার দোয়া ২. ন্যায় পরায়ণ শাসকের দোয়া ৩. মজলুম ব্যক্তির দোয়া। রমজানের সময়টাকে আমরা দোয়ার সময় হিসেবে বেছে নিতে পারি। খুব ধ্যান ও খেয়ালের সঙ্গে মাওলার নিকট নিবেদন পেশ করতে পারি।

পবিত্র কোরআন হোক নিত্যসঙ্গী : রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআনে কারিমের বরকতে রমজান বরকতময়। কোরআনের সম্মানে রমজান মর্যাদাপূর্ণ। কোরআনের অক্ষর ছাপার কারণে এক টুকরো কাগজ চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। কোরআনের গেলাফ হওয়ার কারণে এক খন্ড কাপড় অনেক দামী হয়ে যায়। কোরআন পড়ার রেহাল হওয়ার কারণে একটি কাঠের খন্ড অনেক দামী হয়ে যায়। আমি যদি কোরআনের সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে পারি। আমার আপনার মর্যাদা মহান রবের নিকট কত হবে! একবার ভেবে দেখেছেন কি? মহান রব আমাকে আপনাকে ভালোবাসবেন। মহান রবের ভালোবাসা পেলে দুনিয়া এবং আখেরাতে আমার, আপনার চেয়ে আর কে বেশি সফলকাম হতে পারে?

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD