সয়াবিন তেলে যেন হাত দেওয়ায় দায়! দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধি পেয়ে সয়াবিন তেল ১৯৮ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে। তবুও দোকানে সহজে মিলছে না তেল। সয়াবিন তেলের এমন দুষ্প্রাপ্যতার জন্য খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারা অর্ডার দিয়েও চাহিদামতো তেলের সরবরাহ পাচ্ছেন না।
শনিবার (০৭ মে) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকানেই তেল নেই। যদিও কিছু দোকানে তেল পাওয়া যাচ্ছে, চাচ্ছে সরকার নির্ধারিত দামের চাইতে বেশি।
দোকানিরা বলছেন, বাজারে তেলের সরবরাহ কম। এক লিটার ও দুই লিটারের বোতল কিছু থাকলেও পাঁচ লিটারের কোনো সয়াবিন সরবরাহ করা হচ্ছে না। বাজারজাতকারী কোম্পানিগুলো চাহিদামতো সরবরাহ না করায় সয়াবিন তেলের এই সংকট তৈরি হয়েছে বলে পাইকারি ও খুচরা বিক্রেতারা দাবি করছেন।
রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজারের মোস্তফা জেনারেল স্টোরের মালিক গোলাম মোস্তফা বলেন, দুই সপ্তাহ ধরে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাহিদামতো তেল দিচ্ছে না। ছোট বোতলের তেল সামান্য কিছু পেলেও পাঁচ লিটার তেলের সরবরাহ বন্ধ আছে। কয়েকটি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটররা তাদের অন্য পণ্যের অর্ডার নিলেও সয়াবিন তেলের অর্ডার নিচ্ছেন না।
দাম বাড়ার পরও তেলের এমন সংকটের কারণে জানতে চাইলে একাধিক বিক্রেতা নাম প্রকাশ না করে বলেন, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কোম্পানিগুলোর কাছ থেকে বেশি বেশি তেল নিয়ে বাড়তি দামের আশায় মজুদ করছে। তাই এমন সংকট তৈরি হয়েছে।
ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। তার মধ্যে নতুন করে সয়াবিন তেলের দামবৃদ্ধি করেছে সরকার। তবুও বাজারে পাওয়া যাচ্ছে না তেল। এর জন্য মূলত দায়ী সিন্ডিকেট।
তারা আরও বলেন, দেশে দ্রব্যমূল্য বাড়ার এই অস্বাভাবিক অবস্থায় দিশাহারা মানুষ। তারপরও জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। সবকিছুর দাম বাড়লেও বাড়ছে না কেবল মানুষের আয়। এ অবস্থায় শহুরে জীবনে টিকে থাকা দায় হয়েছে। এই অবস্থায় ভালো নেই মধ্য আয়ের কর্মজীবী মানুষ। এরাই এখন সবচে দুঃসময়ে।
এদিকে বাজার নিয়ন্ত্রণে আনতে প্রায় প্রতিদিনই অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তবুও মিলছে না সয়াবিন তেল।