চালের বাজার নিয়ন্ত্রণে বগুড়ায় তিনটি মিলে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন মিল মালিককে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, ‘চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেসার্স কিবরিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজকে অতিরিক্ত পণ্য মজুদ করায় ৭০ হাজার টাকা, থ্রি স্টার অটোমেটিক রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় আরো একটি রাইস মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’