মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

টিপু হত্যায় মূল পরিকল্পনাকারী মুসা ৬ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী সুমন সিকদার ওরফে মুসার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার বিকেল ৪টায় ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দার আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার আসামি মুসাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত ও হত্যার রহস্য উদঘাটনে তার ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইয়াসিন শিকদার।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ মে ওমান পুলিশ মুসাকে গ্রেপ্তার করে। এরপর গতকাল বৃহস্পতিবার (৯ জুন) তাকে ওমান থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।

এ মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী সুমন সিকদার মুসা এবং শুটার মাসুম মোহাম্মদ আকাশ অন্যতম। গ্রেপ্তারের পর শুটার মাসুম মোহাম্মদ আকাশকে গত ২৭ মার্চ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তার জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসাবে শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসার সংশ্লিষ্টতা পায় পুলিশ।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম টিপু। ওই সময় ঘটনাস্থলে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরান জামাল প্রীতি গুলিবিদ্ধ হয়ে মারা যান। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD