সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ১০ জন মেয়র প্রার্থী নির্বাচন করেছেন। প্রার্থীদের মধ্যে জামানত হারিয়েছেন সাতজন। তাদের মধ্যে দুজন রাজনৈতিক সংগঠনের দলীয় এবং পাঁচজন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন জামানত হারিয়েছেন। তিনি পেয়েছেন এক হাজার ৪৯৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আহবাব হোসেন সাজু কম্পিউটার প্রতীকে এক হাজার ৪৬৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ছাড়া হ্যাঙ্গার প্রতীকের স্বতন্ত্র আব্দুস সামাদ আজাদ (১১৬৪ ভোট), হেলমেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু (৬৭১ ভোট), নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অজি উদ্দিন (২১৫ ভোট) জামানত হারিয়েছেন।
এদিকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেও জামানত হারিয়েছেন দুই প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টির (লাঙল) প্রার্থী সুনাম উদ্দিন পেয়েছেন ১৩৮ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দলীয় প্রার্থী (কাস্তে) আবুল কাশেম পেয়েছেন ১৭৩ ভোট।
এই নির্বাচনে হ্যাভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পেছনে ফেলে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকের জি এস ফারুকুল হক। প্রাপ্ত ফলাফল অনুসারে তিনি পেয়েছেন চার হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর দুই হাজার ৩১৮ ভোট পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মো. আব্দুস শুকুর দুই হাজার ২৭০ ভোট পেয়ে ছিলেন তৃতীয় স্থানে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, বিয়ানীবাজার পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৭৯০ জন। এর মধ্যে বুধবার নির্বাচনের দিন ইভিএমে ভোট দিয়েছে ১৪ হাজার ৩৬ জন ভোটার। সবগুলো কেন্দ্রের মোট কাস্ট হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ (প্রায় এক হাজার ৭৫৪ দশমিক ৫০ শতাংশ ভোট) না পাওয়ায় ওই সাতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।