পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় রাত ৮টার পরিবর্তে ১০টা করেছে সরকার। তবে ১০ জুলাইয়ের পর আবার রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট।
বুধবার (২২ জুন) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২২ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ ব্যবস্থা বিবেচনায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ১১৪(৪) ধারার ক্ষমতাবলে একই আইনের ১১৪(৩) ধারায় বর্ণিত দোকান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করা হলো। আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে দোকান মালিক সমিতির পক্ষ থেকে ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার আবেদন জানানো হয়েছিল। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর আজ প্রজ্ঞাপন জারি করল শ্রম মন্ত্রণালয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে গত ১৯ জুন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর/দক্ষিণ, এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মালিক সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দোকানপাট, মার্কেট, বিপণীবিতান রাত ৮টায় বন্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ বৈঠকে গত ২০ জুন থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়।