অভিনয় এবং পরিচালনা-দু’মাধ্যমেই এখন ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ সময় কাটাচ্ছেন অভিনেতা, নির্মাতা ও নাট্যকার মীর সাব্বির। বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের কাজ নিয়ে। তবে এ ব্যস্ততার মধ্যেই ২৭ জুন আমেরিকায় যাচ্ছেন তিনি। সেখানে পরিচালক হিসাবে সম্মাননা পাবেন মীর সাব্বির।
নর্থ আমেরিকান বাংলা কনফারেন্স নামে একটি সংগঠন থেকে তাকে এ সম্মাননা দেওয়া হবে। ১ থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে তার পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমাটি প্রদর্শিত হবে। এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘প্রতি বছরই এ আয়োজনটি হয় সেখানে। প্রথমবার এতে যাওয়ার সুযোগ পেয়েছি।
এ ছাড়া সেখান থেকে আমাকে সম্মাননা দেওয়া হবে। এতে বেশ সম্মানিতবোধ করছি। ঈদের পর দেশে ফেরার পরিকল্পনা আছে আমার। সবাই দোয়া করবেন, যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি।’ আমেরিকা যাওয়ার আগে ঈদের জন্য নির্মিত কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়া তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাপ বেটা রিসোর্টে’। এটি ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
এদিকে প্রথমবার বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন মীর সাব্বির। ‘বিদেশি ছেলে’ নামের ধারাবাহিক এ নাটকের ২৬ পর্বের শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। ঈদের পরপরই নাটকের প্রচার শুরু হবে। দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেলে নাটকের পর্ব সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন মীর সাব্বির।