রংপুর নগরীর মাহিগঞ্জ শরেয়ারতল এলাকায় ডাম্প ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে চিকিৎসকের বরাত দিয়ে রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। অটোরিকশাটিতে আটজন যাত্রী পীরগাছা উপজেলার চৌধুরাণী থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন, অটোচালক রাজা মিয়া (৪৬), গীতা রানী (৬০), জান্নাত মাওয়া (৪) ও শাহজাহান মিয়া (৫৫)। তবে অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে যাচ্ছিল। অপরদিকে রংপুর থেকে ডাম্প ট্রাকটি পীরগাছার দিকে যাচ্ছিল। এ সময় শরেয়ারতল এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও পাঁচজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদুল আলম জানান, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।