শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সেই নবজাতকের জন্ডিস, ৫ সদস্যের মেডিকেল বোর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে সড়কে মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই নবজাতকটি জন্ডিসের আক্রান্ত হয়েছে। সে কারণে শিশুটিকে সোমবার রাতে বেসরকারি লাবিব হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্চা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে। শিশুটির চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এদিকে ঘটনার তিনদিন পর ঘাতক ট্রাক ড্রাইভার রাজু আহমেদ শিপনকে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

লাবিব হাসপাতালের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, শিশুটি এ কয়েকদিন কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল (সিবিএমসিবি) শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের তত্ত্বাবধানে ছিল। কিন্তু সোমবার শিশুটির জন্ডিসের লক্ষণ দেখা দেওয়ায় চিকিৎসক ওই দিন রাতেই ফটোথেরাপি দেওয়ার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, শিশুটির চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল বিভাগের প্রধানকে প্রধান করে ৫ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শিশুটি জন্ডিসে আক্রান্ত। তার ডান হাতে হাড় ভাঙা ও রক্তস্বল্পতা রয়েছে। মেডিকেল বোর্ডের গাইডলাইন অনুযায়ী চিকিৎসা চলছে বলে তিনি জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, শিশুটির পরিবারকে নগদ দশ হাজার টাকা ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, যাতে তারা বেশ কিছুদিন চলতে পারে। শিশুটির দাদা-দাদি ও ভাই-বোন যেন কষ্ট না পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নবজাতক কন্যা এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নির্দেশে ত্রিশাল উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়। নবজাতক ও তার দুই ভাই-বোন নাবালক হওয়ায় তাদের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে। এ পরিবারটিকে যারা সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছেন, তারা এই অ্যাকাউন্ট নম্বরে সহায়তার অর্থ পাঠাতে পারেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD