রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে শুক্রবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১০ হাজার ২২৭ ইয়াবা, ১২ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১০ লিটার দেশি মদ ও ২১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।