পারিবারিক, প্রেমঘটিত নাকি রাজনৈতিক দ্বন্দ্বে খুন করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশকে? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাকি পেছনে আরও কোনো কারণ আছে। এসব প্রশ্ন মাথায় রেখেই এ হত্যাকাণ্ডের তদন্ত এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তদন্ত–সংশ্লিষ্ট সূত্র।
মামলার তদন্ত–সংশ্লিষ্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সংস্থার (ডিবি) এক কর্মকর্তা বলেন, ঘটনার দিন রাতে রামপুরা থেকে জুরাইনে যান ফারদিন। সেখানে আশপাশের এলাকায় ঘোরাঘুরির পর তিনি চনপাড়ায় যান। তিনি নিজের ইচ্ছায় গেলেন, নাকি জোর করে কেউ তাকে সেখানে নিয়ে গেলেন, এখনো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
এছাড়া শীতলক্ষ্যা নদীর যে স্থান থেকে ফারদিনের লাশ উদ্ধার করা হয় সেখান থেকে বেশ কিছুটা দূরের মাদক কেনাবেচার স্পট হিসেবে পরিচিত চনপাড়ার কিছু মাদক কারবারিকে এ খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে খুঁজছে পুলিশ।
নিখোঁজ হওয়ার সেই ৪ নভেম্বর রাতে (শুক্রবার) ফারদিনের মোবাইল ফোনের এলাকাভিত্তিক অবস্থানের নতুন তথ্যই গোয়েন্দাদের এ হত্যাকাণ্ডের তদন্তে চনপাড়াকে সামনে নিয়ে আসে বলে জানান কর্মকর্তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের উপ কমিশনার রাজীব আল মাসুদ বলেন, ফারদিন হত্যার ঘটনায় মাদক সংক্রান্ত কিছু বিষয় পেয়েছি আমরা। আমরা সাসপেক্ট করছি তাকে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে হত্যা করেছে। সে অনুযায়ী আমাদের টিম কাজও করছে।
তবে নিহত বুয়েট ছাত্রের বাবা কাজী নূরউদ্দিন রানা শুক্রবার সংবাদমাধ্যমে এমন খবর আসার পর থেকেই তার ছেলের মাদক সংশ্লিষ্টতা নেই বলেই জোরের সঙ্গে বলেছেন। তিনি জানান, তার দৃঢ় বিশ্বাস ফারদিন চনপাড়ায় যেতেই পারেন না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ফারদিনের একাধিক সহপাঠী এবং ডেমরার বন্ধুরাও তার মাদক আসক্তির বিষয়টিও মেলাতে পারছেন না।
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মাদক কিনতে গিয়ে মাদক কারবারিদের পিটুনিতে মৃত্যু হয়েছে ফারদিনের। অথচ কখনও তাকে মাদকাসক্ত বলে মনে হয়নি বলে তাদের ভাষ্য।
এদিকে ঘটনার রাতের বিবরণ দিয়ে বস্তির একাধিক বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান, তারা ঘটনাস্থলে তুমুল হট্টগোল ও হৈচৈয়ের শব্দ শুনেছেন। ওই জায়গাটি নবকিশলয় উচ্চ বিদ্যালয়ের পাশে।
সেখানে কয়েকজনকে বসে মাদক সেবন করতেও দেখা গেছে। এরপরই বস্তিসংলগ্ন শীতলক্ষ্যার ৫ নম্বর অফিসঘাট এলাকায় তাদের চলে যেতে দেখেন।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, মামলাটি ডিবি তদন্ত করছে। হত্যাকাণ্ডের পেছনের ঘটনা এবং রহস্য উন্মোচনে নানা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে যারাই জড়িত থাকুক তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চাঞ্চল্যকর এই ঘটনায় র্যাব ছায়াতদন্ত করছে। বুয়েট ছাত্রের নিহতের ঘটনায় সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।