সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

রাজধানী মিরপুর শাহ আলী বোটানিক্যাল গার্ডেনে প্রাক্তন স্বামী সাইদুল ইসলামের ছুরিকাঘাতে স্ত্রী তুলির (২০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। রোববার (১ জানুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তুলি সাইদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন। সাইদুলের দ্বিতীয় স্ত্রী ময়মনসিংহে থাকেন। গত তিন মাস আগে সাইদুল ও তুলির মাঝে বিবাহ বিচ্ছেদ হয়। তবে তুলিকে নিয়ে সাইদুল আবারও সংসার করবে বলে জানায়। নতুন করে সংসার করার আলোচনা করতে বোটানিক্যাল গার্ডেনে রোববার তুলিকে ডেকে আনে সাইদুল। এই আলোচনার একপর্যায়ে দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হলে সাইদুল তুলিকে ছুরিকাঘাত করে হত্যা করে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিচ্ছেদ হওয়ার পর রাজধানীর মোহাম্মদপুরে তুলি থাকতেন। নতুন বছরে নতুন করে সংসার করার কথা বলে তুলিকে সাইদুল বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসেন।

আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, বোটানিক্যাল গার্ডেনে দুই জনের মধ্যে কথা-কাটাকাটি হলে সাইদুল তুলিকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তুলির মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাইদুল আমাদের কাছে আটক রয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD