সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

চট্টগ্রাম মহানগরীতে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলেছে। আরও এই গ্যাংয়ের সদস্য কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। তাদের উৎপাতে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসা থেকে শুরু করে খুনের ঘটনাও ঘটাচ্ছে।

এরই মধ্যে দুটি গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বায়েজিদ ও পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ জানিয়েছে, গ্রেফতারদের মধ্যে একজন রয়েছেন একটি গ্যাংয়ের নেতা বায়েজিদ বোস্তামী এলাকার রিয়াজ উদ্দিন সানি (২৪)। এলাকায় এটি সানি গ্যাং হিসেবে পরিচিত। র‌্যাবের অভিযানে সানিসহ তার গ্যাংয়ের সাতজন গ্রেফতার হয়। সানি ২০২০ সালে একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

সানি গ্যাংয়ের গ্রেফতার বাকিরা হলেন সাদ্দাম হোসেন (২০), আবদুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮) এবং আল রাব্বি (২৪)।

র‌্যাব জানায়, সানি আগেও গ্রেফতার হয়েছিলেন। জামিনে এসে তিনি গ্যাং দল তৈরি করে এলাকায় প্রভাব বিস্তার ও মারামারির মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সঙ্গে জড়িত। এছাড়া এই গ্যাংয়ের সদস্যরা প্রকাশে দিনে-দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে। গ্রেফতার রিয়াদ, তানভীর এবং আল রাব্বির নামেও বায়েজিদ বোস্তাামী থানায় চুরি এবং হত্যা মামলা রয়েছে।

অন্যদিকে পাহাড়তলী এলাকা থেকে পিচ্ছি সাকিব গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন গ্যাং লিডার মো. জসিম (২৫), মো. রাকিব (১৯), বেলাল মিয়া সাজু (২৩) এবং মো. সাকিব (১৫)।

এই গ্রুপটি পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং ভাড়ায় মারামারি ও টাকার বিনিময়ে জমি দখল করার মতো ঘটনায় জড়িত। এরা মূলত সন্ধ্যার পর একত্রিত হয়ে রাস্তায় চলাচলকারী মানুষের কাছ থেকে মূল্যবান জিনিস ছিনতাই করে থাকে। পাশাপাশি এলাকার বিভিন্ন দোকানদারদের কাছে চাঁদা আদায় করে। এদের সবার নামে পাহাড়লী থানায় ছিনতাই ও মারামারির মামলা রয়েছে।

গ্রেফতার জসিম, রাকিব এবং বেলালের বিরুদ্ধে পাহাড়তলী থানায় একটি, সাকিবের বিরুদ্ধে পাহাড়তলী এবং আকবরশাহ থানায় দুটি ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘হিরোইজম’ প্রকাশ করতে নগরীর পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে। এতে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর-তরুণরা। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে।

অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় চক্রের মদত রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, মঙ্গলবার ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত সাড়াশি অভিযানের মাধ্যমে কিশোর গ্যাংয়ের ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বুধবার থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD