অপেক্ষা শেষ হতে যাচ্ছে। শুক্র অথবা শনিবার রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক চলাচলের জন্য প্রস্তুত মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে ২০.১০ কিলোমিটার দূরত্ব। মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হলে শতভাগ সুফল পাবেন নগরবাসী।
জানা যায়, ডিএমটিসিএল রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু করতে যাচ্ছে । পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের প্রথমটি শুরু হবে আগামী শুক্র অথবা শনিবার।
ডিএমটিসিএল বলছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে তারা পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে। উদ্বোধনের দিন ঠিক করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে।
এম এ এন সিদ্দিক জানান, জুলাইয়ের প্রথম সপ্তাহে আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল শুরুর পরিকল্পনা ছিল তাদের। সেটা রক্ষা করতে পারবেন। পরীক্ষামূলকভাবে চলাচল শুরুর ২৪ ঘণ্টা আগে তা জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণকে নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করে। সে সময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো। পরে পর্যায়ক্রমে পল্লবী স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন, মিরপুর-১০ স্টেশন, কাজীপাড়া ও মিরপুর ১১ এবং উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়।
বর্তমানে সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল। শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এর পরের ধাপে ৬, তারপর সাড়ে ১২ ঘণ্টা সময় বাড়ানো হয়।