আলোচিত ব্যাক্তি আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকিদাতা আবু আহম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুলাই) বিকেলে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন।
আবু আহম্মদকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদির।
হাতিরঝিল থানার আদালতের নন জিআর শাখার সাব-ইন্সপেক্টর রাফাত আরা সুলতানা এ তথ্য জানান।
মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহম্মদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে।
গত ২৪ রাতে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন হিরো আলম।