নতুন সিনেমা করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে জায়েদ খানের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল।
সূত্রের বরাতে জানা গেছে, সায়ন্তিকার সঙ্গে সিনেমাটি নিয়ে চূড়ান্ত কথা হয়েছে। এখন কেবল ভিসা জনিত ও ওয়ার্ক পারমিটের বিষয়ে কাজ চলছে। ওয়ার্ক পারমিট পেয়ে গেলেই ঢাকায় আসবেন সায়ন্তিকা।
বিষয়টি নিয়ে নির্মাতা তাজু কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সায়ন্তিকার সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু তার ঢাকায় আসার অনুমোদনের অপেক্ষায় আছি।’
সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি দেখা গিয়েছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে সায়ন্তিকার বিপরীতে ছিলেন শাকিব খান। ঠিক পাঁচ বছর পর শাকিব খান যখন কলকাতার আরেক নায়িকা ইধিকা পালকে নিয়ে ‘প্রিয়তমা’ সিনেমার সাফল্য পাচ্ছেন তখন সায়ন্তিকা আসছেন ঢাকাই ছবির আরেক খানের বিপরীতে অভিনয় করতে।
এদিকে কলকাতার গণামাধ্যম আনন্দবাজারকে সায়ন্তিকা জানান, এখনই সিনেমাটি নিয়ে বিশদে কথা বলতে রাজি নন তিনি। শুধু বলেন। কথা চলছে। কিন্তু এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি।’