রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

‘আ. লীগ ক্ষমতায় আছে বলেই দেশে অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এদেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আজকে যারা ভোটের কথা বলে। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে বলেই এদেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়। আর যারা নির্বাচনের দুয়ো তুলে, প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে হটায় তারা কখনো অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায় না।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে শুধু আওয়ামী লীগ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাঙালির ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। ২৯ বছর যারা ক্ষমতায় ছিলো কেউ ভাগ্যোন্নয়নে কাজ করেনি।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর নির্মাণ নিয়ে অনেক চক্রান্ত হয়েছিল। এক ভদ্রলোক বিশ্বজুড়ে নাম কামিয়েছে। অথচ সামান্য একটা ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না বয়সের কারণে। সেটা বলার কারণে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক তার পক্ষে। সেদিন বলেছিলাম নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করবো। ইনশাআল্লাহ আমরা তা করে দেখিয়েছি। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন ‘বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবা না’ এই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। বাঙালি ঐক্যবদ্ধ থাকবে।

আগামী ৩-৪ বছরের মধ্যে রেল যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশে সব কিছু স্মার্ট হবে। ১৯৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট চুরি করা ছাড়া কোনোদিন ক্ষমতায় আসে নাই। যে কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট ৩০০ সিটে পেয়েছিল মাত্র ২৯টি। তারপর থেকে তারা নির্বাচন বয়কট আর মানুষের জীবন নিয়ে খেলার ধ্বংসযজ্ঞে মেতে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD