প্রিমিয়ার লিগে কাল অবিশ্বাস্য এক ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা। স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাওয়ে ম্যাচে কাল চেলসির বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। দুই দলের এই লড়াই কাল জমে ওঠেছিল বেশ, পাল্টাপাল্টি আক্রমণে একে একে ম্যাচে হয়েছে মোট ৮টি গোল। তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি কোনো দলই।
৮ গোলের ম্যাচে কাল প্রথমার্ধে হয়েছে ৪ গোল, পরের ৪টি হয়েছে দ্বিতীয়ার্ধে। দুই দলই সমতায় থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধও শেষ হয়েছে সমতায়ই। এমনকি হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ম্যাচে কাল দুই দলই পেয়েছে পেনাল্টি।
৮ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে কাল প্রথম গোলের দেখা পেয়েছিল সিটিই। ২৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় গতবারের ট্রেবলজয়ীরা। আর দুর্দান্ত এক স্পট কিকে লক্ষ্যভেদ করেন আর্লিং হলান্ড। তবে এক গোলের এই লিড কাল খুব বেশি সময় ধরে রাখতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। চার মিনিট পরই চেলসিকে সমতায় ফেরান থিয়াগো সিলভা। এই গলে চেলসির সবথেকে বেশি বয়সী গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি।
এরপর ম্যাচের ৩৭ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় চেলসি। সিটিরই সাবেক ফুটবলার রহিম স্টার্লিংয়ের গোলে এক গোলের লিড পায় স্বাগতিকরা। তবে বিরতিতে যাওয়ার আগেই ম্যানূয়েল আকাঞ্জির গোলে ফের সমতায় ফেরে গার্দিওলার শিষ্যরা।
প্রথমার্ধে চার গোলের পর দ্বিতীয়ার্ধেও কাল চার গোল হয়েছে। বিরতির পরই সিটিকে এগিয়ে দেন হলান্ড। তবে ঘরের মাঠে স্বাগতিক চেলসিকে পিছিয়ে রাখতে পারেনি গার্দিওলা শিষ্যরা। ৬৭ মিনিটের মাথায় ফের সমতায় ফেরে তারা। ৩-৩ গোলের থ্রিলারে ততক্ষণে জমে ওঠেছে দুই দলের লড়াই।
এদিকে জমজমাট লড়াইয়ে ম্যাচের একেবারের শেষের দিকে ৮৬ মিনিটে দুর্ভাগ্যক্রমে পিছিয়ে পড়ে চেলসি। সিটির রদ্রির নেয়া শট ফেরাতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন সিলভা। তবে শেষ পর্যন্ত অবপশ্য সমতায় থেকেই শেষ করতে পেরেছে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতাসূচক চতুর্থ গোলটি এনে দেন কোল পামার।
এদিকে দুই দলের এই ম্যাচ শেষে চেলস]ই কোচ পচেত্তিনো কাল বলেন, ‘এ কারণেই প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য লিগ। সবাই এমন একটা দুর্দান্ত ম্যাচে নিজের ছাপ রাখতে চেয়েছে। সবাই বলছে, কী জমজমাট ম্যাচই না হয়েছে। ম্যানচেস্টার সিটি এখন বিশ্বের সেরা ক্লাব, আর তাদের বিপক্ষে তিন পয়েন্টের জন্য সাহস দেখিয়েছে এবং প্রচেষ্টা চালিয়ে গেছে চেলসি।’
সিটি কোচ গার্দিওলাও বলেছেন এমন কথাই। তিনি বলেন, ‘এটা প্রিমিয়ার লিগের জন্য ভালো বিজ্ঞাপন এবং বিনোদনদায়ী ম্যাচ। দুই দলই জিততে চেয়েছে। আমার প্রত্যাশাও ভিন্ন ছিল না। চেলসি এবং তাঁর খেলোয়াড়েরা চমৎকার।’