সৌদি আরবে মাঠে দারুণ সময় কাটছে ক্রিস্তিয়ানো রোনালদোর। নতুন মৌসুমে পর্তুগিজ তারকার মাঠে নামা মানেই যেন গোল উৎসবের সেই চিরায়ত দৃশ্য! আল নাসরের সর্বশেষ জয়েও জোড়া গোল করেছেন ‘সিআরসেভেন’! মাত্র তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন রোনালদো। সৌদি প্রো লিগে এ নিয়ে ১৩ ম্যাচে ১৫ গোল করলেন পর্তুগিজ তারকা।
রোনালদোর দুই গোলে নিজ মাঠে আল নাসার ৩-০ গোলে হারিয়েছে আল ওখদুদকে।
এ জয়ে সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকায় দ্বিতীয়স্থানে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে এখন মাত্র এক পয়েন্ট পেছনে রোনালদোর দল। আল হিলারের চেয়ে অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে আল নাসর। ১৩ ম্যাচে হিলালের পয়েন্ট ৩৫ আর ১৪ ম্যাচে নাসরের পয়েন্ট ৩৪।
নিজ মাঠে খেলার ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় আল নাসর। গোলদাতা সামি আল নাজি। এরপর দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের ৭৭ মিনিটে। দুরুহ কোণ থেকে পাওয়ারফুল শটে বল জালে জড়িয়েছেন রোনালদো (২-০)।
মিনিট তিনেক পর আবার লক্ষ্যভেদ পর্তুগিজ তারকার। এবার ৩৫ গজ দূর থেকে লবে দর্শণীয় গোল করেছেন ‘সিআরসেভেন’ (৩-০)।