বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়ে গেছে আইপিএলের তোড়জোড়। নতুন বছরের প্রথম দিকেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। আর তাকে সামনে রেখেই নিলামের দিন ঘোষণা করেছে বিসিসিআই। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে
বিসিসিআই। ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে পরবর্তী আইপিএলের নিলামের আসর, এমনটাই জানানো হয়েছে ভারতীয় বোর্ডের তরফে।
এবারই প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসবে এই নিলামের আসর। মিনি নিলাম হলেও, আইপিএলের ইতিহাসে এটা রেকর্ড। কারণ অতীতে ভারতের কোটিপতি লিগের নিলাম বিদেশে হয়নি।
দেশ থেকে সরতে পারে আইপিএল, তা আগেই শোনা গিয়েছিল। আইপিএলের নির্ধারিত সময়ে দেশে লোকসভা নির্বাচন রয়েছে। সেই কারণে এখনও আইপিএলের দিনক্ষণ নিশ্চিত করা সম্ভব যায়নি। তবে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই, এমনটাই জানানো হয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে।
তবে নিলাম হবে মরুর দেশে। বিদেশের মাটিতে নিলাম কিন্তু আরও একটা ইঙ্গিত দিচ্ছে। তবে কি দেশে হবে না আসন্ন ২০২৪ সালের আইপিএল! এদিকে ইতিমধ্যেই কোন প্লেয়ারদের ধরে রাখতে চায়, আর কাদের ছেড়ে দিতে চায় তা জানিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এখন দল গুছিয়ে নিলামে বসার অপেক্ষা মাত্র। নিলামের আসরে প্রিয় তারকাদের দলে টানার লড়াইয়ে যোগ দেবে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি।
এ বারের নিলামে ১১৬৬ জন ক্রিকেটার নাম রেজিস্টার করেছেন। যার মধ্যে ৮৩০ জন ভারতীয়। মোট জায়গা ফাঁকা রয়েছে ৭৭। অর্থাৎ এই সীমিত সিটের জন্য কতজন ক্রিকেটার লড়বেন তাই এখন দেখার। এই মিনি নিলামে মোট ৬১ জন ক্রিকেটার রয়েছেন যারা তাদের বেস প্রাইস কোটিতে রেখেছেন। এর মধ্যে ২৫ জন ক্রিকেটার বেস প্রাইস ২ কোটি টাকা ধার্য করা হয়েছে।