শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শুরুর সময় পরিবর্তন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

আগেই ধারণা ছিল— বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের ভেন্যু হবে বোলারদের স্বর্গরাজ্য, বিশেষত স্পিনারদের। মাঠেও তারই প্রমাণ মিলেছে। আজ (বুধবার) প্রথমদিনেই দু’দল ১৫টি উইকেট হারিয়েছে। অথচ এদিন নির্ধারিত ৯০ ওভারও খেলা হয়নি বৈরি আবহাওয়ার কারণে। আলোকস্বল্পতায় নির্দিষ্ট সময়ের আগেই দিন শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। ১১ ওভার কম খেলা হয়েছে আজ। সে কারণে আগামীকাল টেস্টের দ্বিতীয় দিনের সময় এগিয়ে আনা হয়েছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াইয়ে বাংলাদেশ ও কিউইরা সিলেটে মুখোমুখি হয়েছিল। যা গড়িয়েছিল পঞ্চম দিন পর্যন্ত। তবে মিরপুরে চলমান দ্বিতীয় ও শেষ টেস্ট অতদূর গড়াবে না বলেই মনে হওয়া স্বাভাবিক। এদিকে, একদিনের জন্য নির্ধারিত ওভার শেষ করাও নিয়মের মধ্যে পড়ে, যা পূরণ না হলে অন্যদিন অতিরিক্ত ওভারের খেলা হয়। আজ দু’দল সবমিলিয়ে ৭৯ ওভার খেলেছে, যা পুষিয়ে নিতে আগামীকাল খেলা শুরু হবে ১৫ মিনিট আগে।

সিরিজ শুরুর আগেই সময় নির্ধারিত করা হয় সকাল সাড়ে ৯টা। তবে ম্যাচ অফিশিয়ালরা আগামীকাল দ্বিতীয় দিনের খেলা সোয়া ৯টায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে আজ কেবল শেষ বিকেলের খেলাই আলোকস্বল্পতার মুখে পড়েনি। দিনের শুরু থেকেই ফ্লাডলাইট জ্বালিয়ে ব্যাট করছে বাংলাদেশ দল।

অবশ্য ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আজ সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সে সময় স্বাভাবিক আলোতে খেলা প্রায় অসম্ভব ছিল। যে কারণে ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং করছেন জয়-জাকিররা। আবহাওয়ার এমন অবস্থা টের পেয়ে গতকালে রাতেই দীর্ঘক্ষণ জ্বালিয়ে পরখ করে নেওয়া হয় হোম অব ক্রিকেটের ফ্লাডলাইট। মিরপুরের মাঠে সবশেষ আলো জ্বলেছিল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। এরপর টাইগার মেয়েরা পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেললেও তা শেষ হয়েছিল দিনের আলোতেই।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটের ৯টিই ভাগাভাগি করে নিয়েছেন কিউই তিন স্পিনার মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও এজাজ প্যাটেল। অন্যদিকে, এখন পর্যন্ত পতন হওয়া সফরকারীদের পাঁচটি উইকেটও দুই টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দখলে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ আগে ব্যাট করে ১৭২ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে কিউইরা। বাংলাদেশের চেয়ে এখনও সফরকারীরা ১১৭ রানে পিছিয়ে আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD