শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ভোটার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন সুষ্ঠু হয়েছে: বিদেশি পর্যবেক্ষক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ভোটার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপান থেকে আসা পর্যবেক্ষকরা।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন প্রতিক্রিয়া জানিয়েছে দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দল।

নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিকমানের এবং স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তারা বলে, নির্বাচন কমিশন কোনো রাজতৈনিক দলের পক্ষপাতিত্ব করেনি।

ব্রিফিংয়ে পর্যবেক্ষক আলেকজান্ডার বার্টন গ্রে বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা গণতান্ত্রিক সরকারের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ লক্ষ্য করেছি। ঢাকা এবং ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে বিরোধী দল কিংবা ভোটারদের মধ্যে কেউ অনিয়মের অভিযোগ করেনি। ঢাকার বাইরের ভোট কেন্দ্রগুলোতেও ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে। কোনো ধরনের সহিংসতা এবং নাশকতার ঘটনা ঘটেনি এবং নিরাপত্তার নিশ্চয়তায় সর্বত্র আইন-শৃঙ্খলাবাহিনী কর্মরত ছিল। সর্বোপরি বাংলাদেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) আমেরিকান নির্বাচন পর্যবেক্ষক টেরি অ্যাল এসলে বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন নির্ধারিত নিয়মকানুন অনুযায়ী যেহেতু আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে হয়েছে, সেক্ষেত্রে নিয়মের মধ্যে থেকে নির্বাচন পর্যবেক্ষণে আমরা অনেকক্ষেত্রে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছি। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে মনে হয়েছে। তবে সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে।

উপস্থিত আরেক পর্যবেক্ষক সাবেক অস্ট্রেলিয়ান পার্লামেন্ট মেম্বার শোকেত মোসলেমান বলেন, বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সংগঠিত হয়েছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে সক্ষম হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করেছি যা খুবই প্রশংসনীয়। প্রায় সব কেন্দ্রগুলোতেই নারী ভোটারদের সংখ্যা তুলনামূলক বেশি ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD