বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি হলেও সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প ছিল না।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ইরানের সঙ্গে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দেওয়া সার্থক হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি এটা সার্থক হয়েছে। আসলে আমাদের সামনে আর কোনো উপায় ছিল না।’

তিনি আরও বলেন, ‘ইরানের ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। আর আমরা এখনো সেই কাজ চালিয়ে যাচ্ছি।’

ইরান যুদ্ধের কারণে রিপাবলিকান পার্টিকে মধ্যবর্তী নির্বাচনে খেসারত দিতে হয়েছে বলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছেন, সে বিষয়েও ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। স্বীকার করেন, স্বল্প মেয়াদে এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তার কথাটি অনেকাংশেই সত্য। কারণ এই যুদ্ধের ফলে পেট্রলের দাম বেড়েছে।’

তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে এই সামরিক অভিযান প্রয়োজন ছিল।

ট্রাম্পের ভাষায়, ‘একই পরিস্থিতি আবার তৈরি হলেও আমাকে একই সিদ্ধান্ত নিতে হতো। কারণ দীর্ঘ মেয়াদে এটাই একমাত্র সমাধান। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।’

এর আগে বুধবার ইরান যুদ্ধকেই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, এই যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের সাবেক অনেক সমর্থক ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভ্যান্স লেখেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো ইরান যুদ্ধ।’

ভ্যান্সের দীর্ঘ ওই পোস্টকে ‘ভালো’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে যুদ্ধের বিষয়ে নিজের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না বলে আবারও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, এই যুদ্ধের ব্যাপারে আমি কোনো কিছুই ভিন্নভাবে করতাম না।’

এ সময় মধ্যবর্তী নির্বাচনে নিজে প্রার্থী হলে রিপাবলিকানরা জয়ী হতো বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তাহলে রিপাবলিকানরা জিতত।’

নির্বাচনী প্রচারে নিজের জনপ্রিয়তার কথা তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘কিন্তু সেই ভালোবাসা আমরা প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারিনি। সমাবেশগুলোতে মানুষের মধ্যে যে ভালোবাসা ছিল, তা ছিল অবিশ্বাস্য। কিন্তু সেই ভালোবাসা প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি।’

এদিকে বুধবার পরে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাদের সঙ্গে কাজ করতে পারবেন তিনি। তার মতে, মানুষ যতটা ধারণা করছে, তার চেয়েও অনেক বেশি বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করে কাজ করা সম্ভব।

তথ্যসূত্র: আনাদোলু

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD