রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বৈশ্বিক করোনা তহবিলে ৬৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট : মহামারি করোনা মোকাবেলায় বৈশ্বিক তহবিল সংগ্রহ সম্মেলনে ৬৯০ কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে। শনিবার ইউরোপীয় ইউনিয়নের এক্সিকিউটিভ বডি ও অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে ব্রাসেলসে ৪০টি দেশের অংশগ্রহণে এক ভার্চুয়াল সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা ও ইইউসহ বেশ কয়েকটি দেশ ওই অর্থদানের প্রতিশ্রুতি দেয়। এ সময় করোনা ভ্যাকসিন যখনই তৈরি হোক না কেন, তা সবাই যেন পায়, সেটি নিশ্চিত করার ওপর জোর দেন বিশ্ব নেতাদের অনেকে। খবর রয়টার্সের।

করোনা তহবিলে প্রতিশ্রুত অর্থের মধ্যে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইনভেস্টম্যান্ট ব্যাংক যৌথভাবে ৫৫০ কোটি ডলার, যুক্তরাষ্ট্র ৫৪ কোটি ৫০ লাখ ডলার, জার্মানি ৩৮ কোটি ৩০ লাখ ইউরো, কানাডা ২১ কোটি ৯০ লাখ ডলার) ও কাতার ১০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এই তহবিল থেকে কোভিড-১৯ পরীক্ষা, চিকিৎসা ও ভ্যাকসিনের জন্য ব্যয় করা হবে।

সম্মেলনে অংশ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, কার্যকর ভ্যাকসিন যখনই আবিষ্কার হোক না কেন, বিশ্ব নেতা হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হলো- সত্যিকার অর্থে সবাই যাতে এটা পায়, তা নিশ্চিত করা।

বিশ্বের সব জায়গায় যাতে করোনার ভ্যাকসিন পৌছতে পারে, সে বিষয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন বলেন, যাদের প্রয়োজন তাদের সবার ভ্যাকসিন পাওয়ার সুযোগ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল নিজেদের জন্যই নয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো যাতে ভ্যাকসিন পায়, তা উচ্চ আয়ের দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি। এটি সংহতির জন্য বড় পরীক্ষা।

তহবিল সংগ্রহে সম্মেলনের অংশ হিসেবে একটি ভার্চুয়াল কনসার্ট বিশ্বজুড়ে টেলিভিশন ও অনলাইনে সম্প্রচারিত হয়। এতে মাইলি সাইরাস, জাস্টিন বিবার, শাকিরাসহ অনেক খ্যাতনামা সংগীতশিল্পী অংশ নেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD