চলমান নারী এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। এশিয়াকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাতবার শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন ব্লুর মেয়েরা। অপরদিকে এর আগে এশিয়া কাপের পাঁচবার ফাইনালে খেললেও শিরোপার দেখা পায়নি লঙ্কান মেয়েরা।
তবে ঘরের মাঠে এবার কোনো ভুলই করেননি চামারি আত্তাপাতুরা। ভারতের বিপক্ষে রেকর্ড গড়া জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে লঙ্কানরা।
শিরোপার লড়াইয়ে ভারতের মেয়েরা আজ আগে ব্যাট করতে নেমে মান্ধনার ফিফটিতে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে চামারি আত্তাপাতুরা ও হর্ষিতা সামারাবিক্রমার অর্ধশতকে ৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা।
ডাম্বুলা রঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। আগে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে নামেন শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ৪৪ রান তুলে দুর্দান্ত শুরু করে দুই ভারতীয় ওপেনার।
তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি শেফালি। ১৯ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। উমা সেত্রীও ৯ রানে দ্রুত বিদায় নেন। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরও। ১১ বলে ১ বাউন্ডারিতে ১১ করে সাজঘরে ফেরেন।
ভারত দ্রুত উইকেট হারলেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন স্মৃতি মান্ধানা। ৩৬ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন ওপেনার স্মৃতি মান্ধানা। তাকে যোগ্য সঙ্গ দিয়ে জেমিমাহ রদ্রিগেস ১৬ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন।
শেষদিকে ব্যাটিংয়ে এসে তাণ্ডব চালাতে থাকেন রিচা ঘোষ। তার ১৪ বলে ৩০ রানের বিধ্বংসী ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় ভারত। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন কাভিষা দিলহারি।