শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

পাক ক্রিকেটারদের করোনা পরীক্ষা সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

ইংল্যান্ডে সিরিজ খেলতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারদের করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২০ জন খেলোয়াড় সহ ৩৩ জনের টেস্ট করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।

এদিকে, মাঠে ফিরতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলও। প্রোটিয়াদের অনুশীলনে ফেরার অনুমতি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

ঠিক কতদিন গ্যালারিতে বসে কিংবা সরাসরি সম্প্রচার হওয়া ক্রিকেট ম্যাচ দেখেননি, বলতে পারেন? ভাবলেই ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হওয়ার কথা। তবে, সুদিন ফিরছে শিগগিরই। ক্রিকেটের প্রত্যাবর্তনেও অগ্রজের ভূমিকায় খেলাটির প্রবর্তক ইংল্যান্ড।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ক্রিকেট। ক্যারিবীয়রা ব্রিটেনে পৌঁছে গেছে আগেই। সিরিজ সামনে রেখে অনুশীলন চলছে দু’দলেরই।

এক সিরিজ শুরুর আগেই শুরু পরবর্তী সিরিজ মাঠে গড়ানোর প্রক্রিয়াও। আগস্টের সিরিজ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দলও এখন ইংল্যান্ডে। ১০ ক্রিকেটারের দেহে করোনা শনাক্ত হওয়ার পর মিসবাহ উল হক বাহিনীর সফর নিয়ে শঙ্কা তৈরি হলেও, তা পেছনে ফেলেছে দু’দেশের ক্রিকেট বোর্ড।

ইংল্যান্ডে পৌঁছে ইতোমধ্যে আরও একদফা করোনা পরীক্ষা করিয়েছে বাবর আজম- ইমাম উল হকরা। ক্রিকেটার ও অফিশিয়াল মিলিয়ে ৩২ জনের পাশাপাশি সোমবার দলের সঙ্গে যোগ দেয়া সফররতদের বোলিং কোচ ওয়াকার ইউনুসেরও টেস্ট করেছে ইংল্যান্ড বোর্ডের মেডিকেল টিম। ওয়ারচেস্টারশায়ারে ১৪ দিনের আইসোলেশন শেষে ১৩ জুলাই ডার্বিশায়ারে যাবে পাকিস্তান দল। তবে, এই দু’সপ্তাহে ব্ল্যাকফিঞ্চ নিউ রোডে নিভৃতে চলবে অনুশীলন।

ধীরে ধীরে অনুশীলনে ফিরছে অস্ট্রেলিয়া-ভারতের ক্রিকেটাররাও। দক্ষিণ আফ্রিকানরাও বা বসে থাকবে কেনো! কোনো ম্যাচ না খেলেই মার্চে ভারত থেকে দেশে ফিরতে হয়েছিলো প্রোটিয়াদের। মাঝে কেটে গেছে তিন মাস। কোভিড নাইন্টিনে দেশের ১ লাখ ৩৮ হাজার আক্রান্ত আর প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর খবর শুনেছে ডি কক-ডু প্লেসিরা।

তবে, সেসব পেছনে ফেলে আবারও মাঠে ফিরতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। এরইমধ্যে অনুশীলনের অনুমতি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। সবুজ সংকেতের পর পরিকল্পনা সাজানো শুরু করেছে ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার বৈঠকে বসবে সিএসএ কর্তারা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD