মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বেশ কয়েকদিন ধরে বন্যায় পানিবন্দি অবস্থায় রয়েছেন নোয়াখালীর বাসিন্দারা। এর মধ্যে মঙ্গলবার রাতভর ভারি বৃষ্টিতে পানি বেড়েছে। ফলে সেখানকার পরিস্থিতি অবনতি হচ্ছে।

জেলা আবহাওয়া অফিস জানায়, বন্যায় নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়নের প্রায় সাড়ে ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন।

১ হাজার ১৬৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২ লাখ ১৬ হাজার মানুষ। প্রধান সড়কের আশপাশে সহযোগিতা পেলেও প্রান্তিক অঞ্চলগুলোতে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। ফলে অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার।

এদিকে জেলার ৮ উপজেলার ৮৭ ইউনিয়নের পানিবন্দি মানুষের মধ্যে সরকারিভাবে নগদ ৪৫ লাখ টাকা, ৮৮২ টন চাল, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার পশুখাদ্য বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

খোঁজ নিয়ে জানা যায়, নোয়াখালীর ৮ উপজেলায় মোট ৯০৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ২ লক্ষাধিক বানভাসি মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা শহর ও তার আশপাশের আশ্রয়কেন্দ্রে একাধিকবার সরকারি-বেসরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলেও প্রান্তিক অঞ্চলগুলোতে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় পৌঁছেনি সহায়তা। এতে সহায়তার জন্য বিভিন্ন স্থানে হাহাকার করতে দেখা গেছে।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দিনে বৃষ্টি হয়নি।

কেবল রাতে হয়েছে। বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেজন্য কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আবার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমরা জেলা প্রশাসন কাজ করছি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকায় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে সহায়তা আসছে। বিভিন্ন এলাকার মানুষ সহায়তা পৌঁছে দিচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করছে। বৃষ্টি না হলে আমাদের বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD