রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

এক দিনের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যু কমলেও রোগী বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৯ জন।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দেশে ৫ জনের মৃত্যু হয়, যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ। আর হাসপাতালে ভর্তি হয় ১৫৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি র্কপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৬ জন রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৭ জন। চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী। এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD