শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ভিকারুননিসার শিক্ষার্থীদের উল্লাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ঘড়িতে সময় তখন ২টা ১৫ মি‌নিট (দুপুর)। বৃ‌ষ্টির কার‌ণে বাইরে বের হওয়া দায়। কিন্তু আনন্দ উদযাপন কি থেমে থাকবে? তাই বিদ্যালয়ের মিলনায়ত‌নে ড্রাম বাজিয়ে চলছে আনন্দ-উল্লাস। ড্রামের তালে তালে নাচছেন শিক্ষার্থীরা, নাচছেন শিক্ষকেরা; যোগ দিয়েছেন অভিভাবকেরাও। একে-অন্যকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করছেন তারা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে এমন চিত্র দেখা গেল।

ইফফাত রাইসাও জিপিএ-৫ পেয়েছেন। বলেন, ‘খুব ভালো লাগছে। পরীক্ষার ফল ফোন করে পরিবারকে জানাইছি। বাবা-মা খুব খুশি হয়েছেন।’

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন সাদিয়া আফরিন। সহপাঠীদের সঙ্গে হইহুল্লোড় করছিলেন তিনি। বলেন, ‘বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপন করছি। এদিনের আনন্দ অন্যরকম। খুব ভালো লাগছে।’

প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে কলেজের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। শিক্ষার্থীদের ভালো ফলে উচ্ছ্বাসিত অভিভাবকেরা। তাদেরই একজন কাবেরী ভট্টাচার্য। মেয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়েছে। বলেন, ‘সন্তানদের ভালো কিছু হলে মা-বাবারা খুশি হন। মেয়ের ভালো ফলে আমি খুবই খুশি। মেয়ের বাবাকে ফোন দিয়েছি, সে তো কান্না করে ফেলেছে।’

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন।

গত ১০ এপ্রিল ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী নয় লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র নয় লাখ ৬১ হাজার ২৩১ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD