দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন জুলাই অভ্যুত্থানের সময় অনলাইনে-অফলাইনে ব্যাপক সরব ছিলেন। তিনি ছাত্র জনতার পক্ষ নিয়ে রাস্তায়ও নেমে এসেছিলেন। কিন্তু রাজনৈতিরক পট পরিবর্তনের পর কিছুটা আড়ালে চলে যান বাঁধন।
গত বছর ৫ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাঁধন সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছিলেন। কিন্তু কিছু ধরে আবারও স্বরূপে ফিরেছেন এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াার মাধ্যমে অনুরাগীদের কাছাকাছি থাকছেন সব সময়। তিনি দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় তার মতামত দিচ্ছেন নিজের ফেসবুকে।
গতকাল (১৩ জুলাই) বাঁধন তার একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। মেকআপ ছাড়া ছবিটি প্রকাশ করে তিনি অনেক বড় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জানিয়েছেন, অনেক ট্রমা বহন করে যাচ্ছেন এ অভিনেত্রী। তবে তাকে ভাঙতে চাইলে তিনি আরও শক্ত হয়ে যান।
তিনি আরও লিখেছেন, ‘আমি স্বাভাবিকভাবেই একজন আবেগপ্রবণ মানুষ। জীবনে অনেক কিছু অর্জন করেছি তার জন্য আমি সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞ। কিন্তু জীবনে যে জিনিসটি সবচেয়ে বড় অর্জন করেছি, তা কোনো খ্যাতি বা সাফল্য নয়, বরং নিজের মতো করে বাঁচার এবং সৎভাবে নিজের কথা বলার ক্ষমতা। সেটাই আমার আসল সম্পদ। জীবনে এমন অনেক সময় এসেছে, যখন আমাকে এমন সুযোগ দেওয়া হয়েছিল, যা আমাকে আরও ক্ষমতা, সামাজিক গ্রহণযোগ্যতা, স্থিতিশীলতা দিতে পারত।’
স্বাধীনভাবে জীবনযাপনের কথা উল্লেখ করে এ অভিনেত্রী আরও লেখেন, ‘কিন্তু আমি বেছে নিয়েছিলাম স্বাধীনতাকে। আর একবার আপনি যখন সত্যিকারের স্বাধীনতার স্বাদ নেন — যেটা লোকে বলে সেই ধরনের নয় বরং যেটা আপনি নিজের ভেতরে অনুভব করেন, সেই স্বাধীনতা। তখন আর ফেরা সম্ভব হয় না। যেমন একটি কথায় বলা হয়েছে- “যারা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল, তারা যখন এর সামান্য স্বাদ পায়, তখন তারা পুরো স্বাধীনতাটাই চায়।” আর আমিও সেটা পুরোপুরি চাই। হয়তো এ কারণেই কিছু মানুষ আমাকে ঘৃণা করে। হয়তো তাদের আসল অস্বস্তি আমার কথায় বা কাজে নয়, বরং এ ব্যাপারে যে আমি কাউকে আমাকে নিয়ন্ত্রণ করতে দিই না।’
বন্ধুর পথ অতিক্রম নিয়ে বাঁধন লেখেন, ‘এ পথ সহজ ছিল না। বরং এর বিপরীত। কিন্তু এই সমস্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমার ভেতরে একটা জিনিস তৈরি হয়েছে: কেউ আমাকে ভাঙতে চাইলে, আমি আরও শক্ত হয়ে যাই — কংক্রিটের মতো। এটা শক্তি নাকি ত্রুটি, জানি না, তবে জীবন আমাকে এটাই শিখিয়েছে। আমি অনেক ট্রমা বয়ে বেড়াই। আমি জানি পিটিএসডি কাকে বলে। ছোট্ট কোনো কিছুই মাঝে মাঝে সেটা ট্রিগার করে দেয়। এটাও আমারই অংশ। এমন এক অবাঞ্ছিত সঙ্গী, যাকে আমি চাইনি, কিন্তু যার সঙ্গে বাঁচতে শিখেছি।’