শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ভাঙনে হুমকির মুখে চাঁদপুরের হরিসভা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

পদ্মা ও মেঘনার তীব্র স্রোতের কারণে চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় নদীর তীর ডেবে যাচ্ছে। এরমধ্যে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হরিসভা মন্দিরের সামনে বেশকিছু এলাকা ডেবে গেছে। মূলত দেশের উত্তরাঞ্চলের বানের পানি দক্ষিণের সামগরে নামতে শুরু করায় পদ্মা গড়িয়ে পাশে মেঘনার এই অংশ ভাঙছে। এমন পরিস্থিতিতে ভাঙন রক্ষায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালিভর্তি বস্তা ফেলে নদীতীর সংরক্ষণের চেষ্টা করছে।

স্থানীয়রা জানিয়েছেন, এরমধ্যে হরিসভার ৫০টি বসতবাড়ি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে হরিসভা মন্দির কমপ্লেক্স এবং আশপাশের ২ শতাধিক বসতবাড়ি। স্থানীয় বাসিন্দা বিমল চৌধুরী বলেন, গতবছর মৌসুমের এই সময় নদী তীর দেবে যেতে শুরু করে। তখন তীর রক্ষায় উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরে তা বন্ধ রাখা হয়। এখন আবার ভাঙন দেখা দেওয়ায় বালিভর্তি বস্তা ফেলা হচ্ছে। তিনি আরো বলেন, বর্ষার সময় এমন কাজ না করে যদি শুষ্ক মৌসুমে করা হতো তা হলে টেকসই কাজ হতো।

একই এলাকার বাসিন্দা গৃহবধূ নির্মলা সাহা বলেন, তাঁর পূর্ব পুরুষের বসতভিটা সবই এখন নদীতে। সব হারিয়ে পাশে আশ্রয় নিতে পারলেও এই বর্ষায় তাও হুমকির মুখে পড়েছে।

চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার জানান, হরিসভা এলাকার পৌঁনে ৪০০ মিটার নদীতীর সংরক্ষণে ইতিমধ্যে ৯৩ হাজার বালিভর্তি বস্তা ফেলা হয়েছে। ফের ভাঙন রক্ষায় প্রয়োজনে আরো বস্তা ফেলা হবে।

এদিকে গত কয়েকদিন ধরে উত্তরের পানির চাপ এবং দক্ষিণের জোয়ারের প্রভাবে মেঘনা নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর উপজেলার হানারচর, ইব্রাহিমপুর, রাজরাজেশ্বর এবং জেলার হাইমচরের নীলকমল ইউনিয়নের বিস্তীর্ণ নদীপাড় ভাঙতে শুরু করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD